![]() |
| ভাড়াবাড়ি : বিমান পাত্র |
আমাদের ভাড়াবাড়ি—
এতকাল রেখেছিলে জঠরে আঁকড়ি,
মাতৃস্নেহে।
কত স্মৃতি ছবি হয়ে আসে বারে বার,
স্নেহময়ী কোলে তব জনম আমার,
সুখ দুঃখ সয়ে।
পড়েছি তোমার বুকে আমি নাবালক,
আঘাত লাগেনি মোটে পেয়েছি চমক,
নির্ভীক হৃদয়ে।
শিশুকাল কেটেছিল কত মমতায়,
খেলিবার মাঠ ছিল তোমার হিয়ায়,
পুলকিত হয়ে।
একদিন রচেছিলে মোর পরিণয়,
আজ কেন বক্ষে নিতে দ্বিধাবোধ হয়
কঠিন সংশয়ে?
মাগো যন্ত্রণার শত জ্বালা, বিকারের ব্যথা,
দিবস রজনী পড়ে ভূগেছিনু একা,
তোমার আশ্রয়ে।
মোর রক্ত ঘাম কত পড়েছে ধুলায়,
আজো তাহা মুখ ফুটে বলিবারে চায়,
কত আশা নিয়ে।
তাই বিষ্ময় চাহনি নিয়ে দেখি শেষবার,
অন্তর বিদীর্ণ হয়ে করে হাহাকার,
হারাবার ভয়ে।
আজ মাগো মমতার কোণ অধিকার,
পাইব কি লেশমাত্র তার
পুরানোর দাবি নিয়ে?

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন