![]() |
| মাধবী দাস |
পাথরের নীচে চাপা হলুদ ঘাসের আয়ু দেখে
রাতপাখি চমকে ওঠে অশ্রুভরা শস্যকণা নিয়ে
মোবাইল রিংটোনে তেওরা বাজে ঘোর আনমনে
"কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে.."
মরা পাতাদের ভিড়ে পরিচিত কুয়াশার মেঘ
উড়ে গিয়ে, ফিরে এলে ভেসে আসে আব্বাস উদ্দিন
চিলমারির পথে পথে ভাওয়াইয়া দোতরার ডাং
হারানো ডারিয়া ঘরে স্মৃতিকথা লিখে যায় আজও
আমার তোর্ষার পাড়ে মানসাই মনের ঘাটে ঘাটে
সতর্ক চোখের রোদে এলুয়া কাশিয়া বাথানের
পরিযায়ী পাখিদের কণ্ঠে জারি মুর্শিদি, ক্ষীরোল
তবু দেশভাগ নিয়ে কাটাকুটি খেলি প্রতিদিন

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন