![]() |
| কুন্তল মণ্ডল |
আমার হাইট পাঁচ-সাড়ে তিন। আমার কবিতার হাইট দুই - দশ। আমার চেয়ে আমার কবিতা সেই হিসাবে দু'ফুট সাড়ে পাঁচ ইঞ্চি ছোটো।
আমার বয়স পঞ্চান্ন ছুঁই ছুঁই। আমার কবিতার বয়স আমার জানা নেই। কেননা তার কোনো আইডেনটিটি বা অ্যাডমিটকার্ড ; আজও তো আমি খুঁজে পাইনি কোথাও।
আমার কবিতাকে আমি দেদার ছোটাই;তাড়াতাড়ি বড়ো হয়ে ওঠো। হাতে পায়ে চাকা লাগিয়ে আমিও ছুটি খুব,
বিখ্যাত হওয়ার নেশায়।
আমি আর আমার কবিতা অসমবয়সী;মঞ্চে দাঁড়িয়ে এখন।এত ছোটো, ওর তো মাইক্রোফোনে হাতই যাচ্ছেনা।
প্লিজ, ওকে একটু ধরে দিন।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন