![]() |
| সন্দীপ কুমার ঝা |
জ্যোৎস্না অপটিক্যাল
কাঁচ থেকে শেষবেলার ভাঙা রোদ মুছে
প্রতিরাতে,তুমি বাক্সের মধ্যে রাখতে,
চশমার অভ্যাস!
নরম কাপড়ে দৃষ্টি মোছে ভালোবাসা,
শরীরে লেখা নাম-'জ্যোৎস্না অপটিক্যাল'।
প্রকৃত জ্যোৎস্না থেকে চোখের দূরত্ব,
খুব বেশি ছিল কি কখনও?
তবুও অর্ধেক সংসার,পরে থাকে ধূলোময়,
অসময়ে উঠে যেতে হয়।
অন্ধকার তুলসীতলায় তখন কথার পিঠে কথা!
ভাঙা মানুষের ভিড়,ঝাপসা।
দূরে দাঁড়ানো অকাল চুম্বন একা
আমাদের মন খারাপের বারান্দায়।
এখন এসবই আমাদের হাত,
তোমাকে ছুঁয়ে দেখার। মা।
চশমার বাক্সে জমা প্রেম অথবা
জ্যোৎস্না অপটিক্যাল!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন