![]() |
| দুর্গা সরকার হালদার |
-দুর্গা সরকার হালদার
চলো ভাগ করে দিই ফল
পাপ অথবা পূণ্য সেসব পরে হবে
রসালো টাটকা সতেজটুকু নিয়ে
বাড়ি ফিরুক কুইলার মা
দশ দিন জ্বরের পর ছিপ হাতে ডোবার ধারে
বসে আছে যে শরীর
সেখানে রসালো পূণ্যফল যে নেই
একথা সবাই জানে
ব্যঙাচির গায় মাখানো রোদে
কুইলার চোখ জুড়ে মাগুরের স্বপ্ন
আজকের কথা নয়
ভেবেছিলুম তোমাদের কাছে লুকিয়ে যাবো
একমাত্র আমার মেনি বেড়াল দেখেছে
রুগ্ন কুইলা সুন্দর বাঁশি বাজালে
আমি কেমন কুলপ্লাবী নদীর মতো
বইতে বইতে ভাসিয়ে নিয়ে যাই কুল-মান
গায়ে হাত বুলিয়ে মেনিকে পূণ্যফলটা দিলাম
কুইলার পাশে রেখে আসুক বীজ
অগ্নির গন্ডুষ আটকে যাক নীল ফাঁদে
কুইলা সুস্থ হলে
নগ্নিকা স্বর্গ ত্যাগ করে বাঁশবনে যাবো
প্রান্ত থেকে খুলে আনবো চাঁদ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন