![]() |
| ওয়াহিদা খাতুন |
বুনোফুল
ওয়াহিদা খাতুন
যাচ্ছ কোথায় পিছু ফেলে চাও এদিকে চোখটি ফিরে,
ভ্রমর কেমন গাইছে দেখো গুনগুনিয়ে আমায় ঘিরে!
পাশ দিয়ে যাও প্রতিবেলা,
করো তবু অবহেলা-
সকাল-হলে কত পাখি
খেলা করে পরাগ মাখি
রবির কিরণ ভোর বেলা কচি পাতায় আলোর খেলা,
আমারও গন্ধ আছে বুনো বলে কেন হেলা!
দেখতে আমি কমি কিসে
চেয়ে দেখো নয়কো মিছে,
আমার থেকেও মধু হয়-
কর্মী মাছি মুখে বয়!
গোলাপ চারা কিনে এনে যত্ন করো টবের পরে,
আদর করে নাকে শোঁকো ফুলটি যখন গাছে ধরে!
ভ্যালেন্টাইনে বন্ধুর হাতে-
ভি আই পিতে পার্টি মাতে-
মনের মতন কনে সাজে গোলাপ ফুলকে খোঁপায় গুঁজে,
আমার বেলায় অন্ধ হয়ে যাও কেন সব চক্ষু বুজে!
বনের ভিতর এসে শুধু দেখে যাও ভাই,
বনের রানী শুধুই আমি
দেখলে পরে বুঝবে তুমি,
আমার রূপের তুলনা কোনো ফুলে নাই!
নীলাকাশে তারা যেমন আলোয় ভরে রাখে,
তেমনি আমি আলো করে রাখি জঙ্গল টাকে!
টবে-ফুলে সার-মাটিতে কত যত্নে রাখো,
আমিতো ভাই এমনি বাড়ি ওসব লাগে নাকো!
মুক্তোর মতো জ্বলি আর জঙ্গলটাকে জ্বালি,
সব ঋতুতে ভরা থাক আমার ফুলের ডালি!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন