মাটি : শ্রীমতি ডলি

শ্রীমতি ডলি
মাটি : শ্রীমতি ডলি

জীবনটা আজন্ম মাটির কাছে বন্ধক ,
আমার পূর্বসূরিরা মাটিকে দিয়েছে উর্বরতা
কুমারী মাটি পেয়েছে যৌবন ।
যৌবনা মাটিকে সম্ভোগ স্বরূপ
কোঁচড়ে ভরেছি অফুরন্ত ফলমূল ,
চোখ ভ'রে আহরণ করেছি ফুলের সৌন্দর্য ।

আমারই পুরুষ হাঁটু অবধি কাদা মেখে
কাঁধে লাঙল নিয়ে মাঠ থেকে ফেরে ,
শ্রান্ত , তবু ঠোঁটের দুপাশে প্রশান্তির হাসি ।
লাঙলের ফলায় তখনও লেগে আছে
আগাছা ,সব অপ্রয়োজনীয় বস্তু ফেলে
দিয়ে মাটিকে করেছে নির্ভার , পবিত্র...
কালই মাটির সারা শরীরে ভ'রে দেবে
বীজ ধানের চারা ।

            কিছুদিনের প্রতীক্ষা ...

বেড়ে ওঠা ধানগাছেরা বাতাসের পরশে -
এর ওর গায়ে ঢলাঢলি করে । গত সনে ,
এই অপরূপ দৃশ্য থেকে জীবন ছিল বঞ্চিত !
মাটির বুক ফেটে চৌচির ---
শুধু মেঘেদের বিশ্বাসঘাতকতায় ,
উপোসী জীবনে ছিল হতাশা ।

এই সনে আমার মাটি বুক ভ'রে মিটিয়েছে
তৃষ্ণা , আমিও বৃষ্টির সাথে করেছি ঢলাঢলি,
ভিজে সাপটা হয়েছি ,খড়ের চাল ফুটো --
ঘর গেছে ভেসে , দুঃখ নেই .... !
এ বছর ভরা পেটে আমারই পুরুষ
     চালে খড় দেবে বেঁধে ।।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.