![]() |
| কিশলয় গুপ্ত |
বৃষ্টি এলে; শোক মুছে ফেলি হাতে
তখনও বুকে আটকে থাকে শিশির
গাছের গল্প স্বপ্নের সাক্ষাৎএ
জলের মতো খেলে যায় দিবানিশি
বৃষ্টি এলে; আমি এখনও মাথা ঢাকি
অথবা হাতে তুলে নিই কালো ছাতা
আমাকে দেখে বাসা ভাঙা সব পাখী
বলে- এক্ষুনি ফেলে দে লেখার খাতা
বৃষ্টি এলে; কাদা কথা মনে ভাবি
নয়ানজুলির গান শুনি চামড়ায়
পথে পথে এত জলজ খুন খারাবি
ভাগ করে দেয় ওরা এবং আমরা
বৃষ্টি এলে; হাড়ের ভিতরে জল
ঢুকে যায় অযাচিত নির্দেশে
তখনও আমার ফুটো তরী সম্বল
দাঁড়িয়ে থাকে নদীটির তীর ঘেঁষে।
২
এই যে এত ভেজার কথা বলো
সময় দেখলে এখন কি মানাবে
কঠিন হবে জলের ফলাফলও
কী ভাবছো- আকাশতলে যাবে?
বৃষ্টি কথা ঘুমের মতো মিঠা
হাওয়া মেঘের ভালোবাসাবাসি
উৎসাহ পায় মনের পাগলামীটা
এবং শেষে সর্দি এবং কাশি
এই যে এত ভেজার গল্প শুনে
নরম মনে জাগ্রত হয় পুলক
সূচীর তালে হাজার মানুষ খুনে
প্রকাশ পাবে একটা দুটো ভুলও
ভিজতে হলে ইচ্ছেটাকে মেপে
শিরদাঁড়া'কে আদর করো আগে
বৃষ্টি না হয় তারপরেই ঝেঁপে
গান ধরবে চেনা কোন রাগে

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন