অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত : পিনাকী চৌধুরী

 পিনাকী চৌধুরী
অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত : পিনাকী চৌধুরী

মনে পড়ে আপনার ,গত শতাব্দীর ৯০ এর দশকের সেই সাদা কালো দিনগুলোর কথা ? হ্যাঁ, তখন এই প্রতিবেদক সদ্য মাধ্যমিক পাশ করে ঠাকুর পুকুর বিবেকানন্দ কলেজে ভর্তি হয়েছে !( সেই সময় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন কিন্তু কলেজেই হত ) হ্যাঁ, তখন বিকালে কলেজ থেকে ফিরে সামান্য বিনোদন বলতে সাদা কালো টেলিভিশনে বাংলা ধারাবাহিক দেখা আর রাত আটটার দিকে চিত্রাহার ! বস্তুতঃ অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কখন টিভি দেখবো ! সত্যি, সে যেন এক নস্টালজিয়া ! কিন্তু সবেমাত্র টিভি চালিয়েছি, হঠাৎ করেই যেন আমার রসভঙ্গ হল ! টিভির পর্দায় ভেসে উঠলো " অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত"! তাহলে উপায় ? 

অগত্যা সেই বোকাবাক্সে এলোপাথাড়ি চাপড় মারলাম ! যদি কিছু সুরাহা হয় ! কিন্তু বিধি বাম ! পাঠক, জানেন, আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করেই যেন অতীতের সেই এক লাইনের ক্যাপশানের সাথে কোথাও যেন মিল খুঁজে পাচ্ছি ! হঠাৎ করেই যেন জীবন থমকে গেছে ! আমার চেনা শহরটাকে কেমন যেন অচেনা লাগছে ! পথেঘাটের স্তব্ধতা যেন আজ আমার অবচেতন মনে নাড়া দেয় ! গৃহবন্দি আপনি, আমি, আমরা সবাই ! তবে আজ বোধহয় ফ্যান্টাসির কোনো স্থান নেই ! হয় আপনি মেনে নিন, কিংবা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিন ! এবং অবশ্যই সামাজিক মেলামেশা কমিয়ে , ' একঘরে' হয়ে গিয়ে সমাজকে পথ দেখান, আপনি সামাজিক ! তবে আজ বলতে দ্বিধা নেই যে, মনুষ্যত্বের বোধন হয়েছে!

 'বোধন' - এর অর্থ হল নিদ্রাভঙ্গ করণ ! ভাবছেন তো , কেন বললাম কথাটা ? বাস্তবে আজ অনেক স্থানেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং অনেক সাধারণ মানুষই আজ দুঃস্থদের ত্রাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ! বিশেষ করে 'দিন আনি দিন খাই' মানুষজনের কথা ভেবে !  হ্যাঁ, আজ অনেকেই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন ! চাল, ডাল, তেল, নুন, আলু, আটা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের প্যাকেট করে সহায়সম্বলহীন মানুষদের দান করা হচ্ছে ! নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ ! অনেকেই আজ নিজের সঞ্চয় থেকে একটা অংশ এই শুভ কাজে ব্যয় করছেন ! সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রেটিরাও আজ সাহায্যের হাত প্রসারিত করতে উদ্যত হয়েছেন ! সত্যিই তো , পেট বড় বালাই ! বিশেষ করে এই অতি সঙ্কটকালে !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.