![]() |
| চিঠি : প্রসেনজিৎ রায় |
এই যে শুনতে পারছো,
তোমার এই যে অনুরাগী অভিমান?
জেদ,অহংকার,ঘৃণা - সব আমায় দেবে?
বিশ্বাস করো তোমার হাসি,আনন্দ
সৌন্দর্য, অলংকার, প্রেম, আমি কিছুই চাই না;
যা কিছু সুন্দর তোমার, উষ্ণ প্রদাহী নিঃশ্বাস
তোমার
সব জমিয়ে রাখো তোমার রাজপুত্তুরের জন্যে,
আমি আকুন্ঠ ভিখারী
তোমার মায়াবী ভালোবাসার যোগ্য নই;
তাজমহল, শালিমার বাগান সব আমার
সামর্থ্যচ্যুত স্বপ্নবিলাপী ইমারত,
যার যোগ্যতায় ভালোবাসা মাপে সমাজ;
তবে জানো-
আমাকে না চিনে,না জেনেই
প্রতি ভোরে কলকল গান শোনায় গোমতী,
প্রতি রাতে আশ্রয় দেয় নীলাকাশ
প্রতিদিন বন্ধুত্বের গল্প শুনায়
দূর আকাশের চাঁদ;
যদি কোনোদিন সময়ের ঘেরাটোপে,
হারিয়ে যায় তোমার সৌন্দর্য,
কালি পড়ে চিন্তায় চোখের তলে
ফিঁকে হয়ে যায় গাঁয়ের চকমকি রং,
যদি কোনোদিন তোমার থাকার জন্যে
ভীষণ ছোটো হয়ে যায় সোনার অট্টালিকা,
ফিরে এসো এই মুক্ত ধরিত্রীর বুকে
কথা দিলাম সেদিন
এই দুটি হাত শুধু তোমারই জন্য

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন