নিরাকার প্রস্তুতি: প্রতিমা রায়বিশ্বাস

নিরাকার প্রস্তুতি: প্রতিমা রায়বিশ্বাস
নিরাকার প্রস্তুতি: প্রতিমা রায়বিশ্বাস

: সম্পূর্ণ হতে সময় চেয়েছি বলে অভিযোগ-অভিযানে
এ শহরের বাদ রাখোনি কিছুই।
শপিং  মলের ওই এসক্লেটরের গতিতে মিশে আছে এখনও
আমার কুঁকড়ে যাওয়া।
 টিশার্ট ঝোলানো প্রতিটি  হ্যাঙারে লেগে আছে তোমার শাসন। 
ওই ভিড় ,ওই টিউবের আলো ফেলা সন্ধ্যার ভিক্টোরিয়ায়
আজও উন্মাদ রঙে রঙিন  আমাদের কোলাহল।
একটু বোঝো, বাড়তে সময় লাগে একটি ঘাসেরও।
 
ছুটন্ত বাইকের তালে ছোটে আমার অসম্পূর্ন শ্বাস,সমস্ত ব্যর্থতা।
সকাল সন্ধ্যা দুপুর ফুঁড়ে পালঘরে বাড়ছিল এক ঈশ্বর।
আমি সেভাবেই বেড়ে উঠবো বলে অনুমতি চাইলাম
এসো মৃত্তিকা ,এসো জল,এসো আলো ,এসো বাতাস।
দেখো,এভাবেও তো ডাকে এক গাছ ।

শুনবো না। "লা ইলাহা ইল্লালাহু  মহম্মদুর রসুল্লাহ"
আল্লার বাড়তে সময় লাগে না ,সম্পূর্ণ হতে হয় না, নিরাকার আল্লাহ।
তোমরা পুত্তলিকা। কুরবানি জানো না।
এ সংসার কুরবান করে বলো  
তুমি আমার, তুমি আমার ।
দেখবে দ্বিখণ্ডিত হয়ে গেছে এ জমি,ফল্গুধারায় বইছে এক নদী।
ওপারে সমস্ত তোমার বিগত,সমস্ত পাতাল।

তবু তো সময় লাগে—
সমস্ত সৃষ্টির স্থান পঙ্কিল ...খুঁজে এসো পদ্মের জন্ম।
দেখে এসো এক কবির জীবন...কি ভীষণ ক্লেদময়...অগোছালো।
কতটা দীর্ঘস্থায়ী বিভাজন গর্ভস্থ এক শিশুর ...প্রাণ।
যে তোমাকে তোমার অদৃশ্য প্রার্থনা,করেছে দৃশ্যমান খোলা হাতের উপর,
তারও ...তারও  ...শক্তিশালী মৃত্যুর প্রস্তুতি লাগে... হতে গেলে
 নিরাকার।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.