বাবুঘাট মালিশ : পিনাকী চৌধুরী

বাবুঘাট মালিশ : পিনাকী চৌধুরী 
বাবুঘাট মালিশ : পিনাকী চৌধুরী    

নেই নেই করে বাবুঘাটের বয়স হল  প্রায় ১৮৯ বছর ।  গঙ্গা নদী এখানে নিরন্তর বয়ে চলেছে ! মেঘ বৃষ্টির লুকোচুরির মতো কখনও কখনও জোয়ার- ভাঁটা খেলা করে ! বহু মানুষ এখনও এই পবিত্র গঙ্গা জল নিতে এখানে সমবেত হন ! এমনকি দামাল শিশুদের দল এই গঙ্গায় সাঁতার দেয় ! সে বহুদিন আগেকার কথা , জানবাজারের বাবু রাজচন্দ্র দাস ১৮৩০ সালে এই ঘাট নির্মাণ করেছিলেন । তিনি ছিলেন রাণী রাসমণির স্বামী ।  বাস্তবে এই রাজচন্দ্র দাসের তখন আর্থিক সামর্থ্য যেমন ছিল, যেমন প্রভাব প্রতিপত্তিও যথেষ্ট ছিল তাঁর ! তদানীন্তন সময়ে তিনি চৌরঙ্গী থেকে বাবুঘাট পর্যন্ত একটি পাকা রাস্তাও নির্মাণ করেন । আর বাবুঘাটের বিখ্যাত থামগুলি গ্রীসের ডেরিক স্থাপত্যের অন্যতম নিদর্শন !  একটি লোভনীয় স্টোরির সন্ধানে সম্প্রতি এই প্রতিবেদক হাজির হয়েছিল বাবুঘাটে ! সেখানে দেখলাম পরপর কয়েকটি প্রমাণ সাইজের কাঠের পাটাতন রাখা ! আর সেখানেই চলছে বাবুঘাট মালিশ , মনে মনে ভাবলাম, আরে ! এতো ঠিক যেন ' ম্যাসেজ পার্লার' !  একজন ম্যাসেজ শিল্পীকে প্রশ্ন করলাম " রেট কতো"? বিড়ি খেতে খেতে তিনি জানান " আধ ঘন্টার জন্য ১৫০ টাকা , আর পুরো এক ঘন্টা মালিশের রেট পাক্কা ৩০০ টাকা "! তাঁকে প্রশ্ন করলাম " আপনাদের বাড়ি কোথায় ?" জবাব দিলেন " আজ্ঞে , আমরা সবাই ওড়িষ্যার লোক । বংশপরম্পরায় এই কাজ করে চলেছি !" " আপনার নাম কি ?" প্রশ্ন শুনে একটু অবাক হয়ে তিনি বললেন " ধনেশ্বর বারিক ! আচ্ছা, আপনি কি কাগজের লোক ?" উত্তর এড়িয়ে আমি বললাম " আচ্ছা, ধনেশ্বর বাবু , এখন বাজার কেমন ?"  ব্যাজার মুখে তিনি জানান " তেমন একটা নয় ! তবে জানেন দাদা, শনি- রবিবার এখানে বেশ ভিড় হয় !"  মনে মনে ভাবলাম , এ যেন ঠিক ' ফেলো কড়ি , মাখো তেল !'  লক্ষ্য করলাম, ধনেশ্বর বাবু এবং তাঁর সঙ্গী ম্যাসেজ শিল্পীরা অনেকটা ফিঙ্গারিং এর মতো করে, সুনিপুণ হাতে ম্যাসেজ করে চলেছেন ! তেলের সঙ্গে থাকে লেবু ও কর্পূরের অনবদ্য মিশ্রণ , যাকিনা আমাদের দেহ মনকে উজ্জীবিত করে ! অনেক ব্যাথা বেদনারও উপশম হয় এই মালিশের দরুণ ! কলকাতা এবং পাশ্ববর্তী অঞ্চলের মানুষই শুধু নন , মাঝেমধ্যেই বিদেশ থেকে আগত ফরেনাররাও বাবুঘাটের এই বিখ্যাত মালিশ উপভোগ করেন ! এইবার আমার ঘরে ফেরার পালা ! সূর্য তখন অস্তাচলে ! শেষ সূর্যরশ্মির ম্লান আলো যেন তখন গঙ্গার জলে জাফরি কাটছে ! ভাবলাম, এও যেন বিচিত্র কর্মযজ্ঞ !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.