না হয় তখুনি এসো : প্রীতিময়

        প্রীতিময়
না হয় তখুনি এসো
           
রাত জাগা স্বপ্নগুলো
যখন দিনের আলোয় রাত্রি খোঁজে,
অদৃশ্য রক্তক্ষরণ  গুলো যখন ;
উৎস খুঁজে খুঁজে হয়রান হয়,
শিশিরভেজা সবুজ পাতাগুলো যখন
বয়ে বেড়ায় চাপ চাপ রক্তচিহ্ন,
দিশেহারা শৈশব , কৈশোর, যৌবন,
যখন প্রসব যন্ত্রণার মতো কষ্টে
 আর্তনাদ করে করে ক্লান্ত,অবসন্ন,
যখন মাঝরাতে ঘুম ভাঙ্গানো না পাওয়াগুলো
পিঞ্জরে আঘাত করে ;করে ,
জন্ম দেয় বন্ধ্যা অবসাদ ,
নাহয় তখুনি এসো তুমি, প্রিয়তমা।

তুমি নাহয় তখুনি এসো, প্রিয়তমা।
কোজাগরীর পূর্ণিমা  হয়ে যদি না পারো,
একাদশীর একফালি চাঁদ হয়েই এসো ।
বসন্ত বিকেলের সোনালী সুনামি হয়ে,
যদি নাইবা পারো আসতে,
তবু তুমি এসো ,
মেঘলা দুপুরের লুকোচুরি খেলা রোদ হয়ে।
গরমের রাতের দখিনা বাতাস হয়ে
যদি না পারো কখনো আসতে,
এসো তবে নাহয় ভারী মুখের বর্ষা হয়ে।
তবুও তুমি এসো, প্রিয়তমা।।

সুদূর শৈশবের খেলনার সংবাদ হয়ে,
কিংবা কৈশোরের কোনো হারিয়ে যাওয়া প্রেমিকার
আঙ্গুল ছুঁয়ে দেওয়া অনুভূতি হয়ে, তুমি এসো।
তুমি এসো না হয় ,
আমার যৌবনের  রাগ ,অভিমান, দূঃখ,
অথবা বার্ধক্যের অবলম্বন  হয়েই।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.