![]() |
| সুবীর সরকার |
শিকারী বেড়ালের পাশে তাঁবু পেতে বসি
আমাদের হাতে হাতে খেলনা বন্দুক
উড়ে যাওয়া পাখির ছায়ায় আস্ত এক
বলখেলার মাঠ
ডুবজলে ডুবে গিয়ে তুলে আনি মাটিমাখা
বেহালা
ঝুড়ি ঝুড়ি বিলাপ ছড়িয়ে দেওয়া হবে শহরে
ভাঙা তোরণের ওদিকটা একটু না হয় ঘুরে
আসবে তুমি
হলুদ কফের মত কষ্ট জমে থাকে
আমার কোনো খাদ্যতালিকা নেই
চাকু চালিয়ে দেব মরা মাছের গলায়
আমি ব্যাধের চোখের তারায় নিঃসঙ্গতা
দেখেছিলাম
সূর্যাস্তের হাটে এখন কোল্ড ড্রিংকস খাচ্ছেন
সন্ন্যাসীরা
তীর ও ধনুকের সাথে আমার সম্পর্ক আমি
অস্বীকার করি না
ব্রেড ও বাটারের সাথে আমার তিক্ততাও
না
বারবার চলে আসছে ককফাইটের মোরগ
অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আমি শুধু কনফেস
করি-
'জানালায় পাখির ডাক
চোখের কাজলে বড়
মায়া'

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন