![]() |
| বিষ্ণু পদ মাহান্তী |
পৃথ্বী কন্যা
বিষ্ণু পদ মাহান্তী
পৃথিবীর কিনারে কিনারে ফুটেছে ফুল সাদা নীল
নিলান্তে আকাশ ছুঁয়ে মাছেরা ঘুমায়।
তুমি ফেলফেলিয়ে তাকিয়ে থাকো
আমি ঘ্রান দিয়ে শুষে নি তোমার বুকের গন্ধ
আমার আঙুলের ফাঁক দিয়ে হারিয়ে যায়
বহুদিনের গড়া জলে আঁকা ছবি গুলো।
একটু হাই তুলে মুখ ভরে শ্বাস নিতে গেলেই
তোমার হাত আমার মুখে ঢাকা দেয়।
সেই সব দিনগুলোর কথা বলতে বলতে
কখন তুমি ঘুমিয়ে যাও,
আমার আগ্রহ তোমার পথ বদলাতে পারেনা।
অসহ্য গরমের দিনে ভালোবাসার স্পর্শ বিস্বাদের ছেঁকা মারে।
তুমি ঘুমাও,নিরাপদে আর নিশ্চিন্তে।
আমার বুকে ঘুমেরা নাচানাচি করে
চোখের কোনে স্থির দৃষ্টি
একটা বিহ্বল জিজ্ঞাসা
বুঝতে পারি তবু বলবোনা।
তোমার ঘুম ভেঙে গেলে
তুমি যে আবার নিলান্তে মিলিয়ে যাবে।
পৃথিবীর কিনারে ফুটে উঠা ফুল গুলো আর গন্ধ ছড়াবে না।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন