![]() |
| ঋদেনদিক মিত্রো |
আজান
ঋদেনদিক মিত্রো
আজান, আজান, আজান,
উড়ছে হাওয়ায় আকাশ জয়ের
মুগ্ধ সে গান,
আজান, আজান, আজান!
আল্লা ওড়েন হাওয়ায়-হাওয়ায়,
রৌদ্র হতে গাছের ছায়ায়,
প্রাসাদ, কুটির, গুহা, বাজার,
পুকুর, নদী, সাগর, পাহাড়,
মরুর বালির দূর নিশানায়,
আল্লা ওড়েন হাওয়ায়-হাওয়ায়,
আজান, আজান, আজান!
দূর আকাশে সে-হাওয়া যায়,
বেহেস্তেরই কাছে মিলায়,
আল্লা আছেন এথায় সেথায়...
দুঃসাহসীক গর্বে,
মসজিদে বা পথে ঘাটে,
কিংবা উদাস-মুক্ত-মাঠে,
যেখানে তুই ডাকবি তাঁরে
দিকবিদিকে উদাসী সুখ ভরবে,
যেথা যত জাহান্নামের খেলা তখন
সেই হাওয়াতে হুমড়ি খেয়ে পড়বে,
গাছ গাছালি পাকপাখালি,
দূরে ঢিপি করা বালি,
নড়তে-নড়তে উড়তে-উড়তে
উচ্ছাসে হয় উদ্দাম,
আজান, আজান, আজান,
আল্লা কারোর নয়রে কেনা,
আল্লা মানে আকাশ,
আল্লা মানে সূর্য তারা
আল্লা মানে বাতাস,
আল্লা মানে ফুলে-ফলে,
বিশ্ব ব্যাপী জলে স্থলে,
পতঙ্গ-কীট পশুপাখি,
সবার সাথে তিনি সাথী,
তিনি প্রাচীন, তিনিই এখন,
তিনিই মৃত্যু, তিনিই জীবন,
তিনি ই আবার অমরতা,
শান্ত করেন প্রাণ,
চোখে পানি যায় রে ভেসে,
মন হয় সুন্ সান ,
আজান, আজান, আজান!
আজান মানে জেগে জাগা,
বিশ্ব সুখের শান্তি সাধা,
সব পাপে তে আগুন লাগা,
নির্ভীক তোর প্রাণ,
আজান, আজান, আজান!
কে বলেরে আজান মানে
এক ধর্মের ভাষা,
আজান মানে চোখ ভিজিয়ে
প্রাণের ভালোবাসা,
সকল ধর্ম, সকল জাতি,
সকল সৃষ্টি, পশু পাখি,
মুগ্ধ প্রেমে আল্লাদিত
এই কথার ই প্রমান,
তাকেই বলে আজান !
কান পেতে দে, হাওয়ায় উড়ে
আজান এসে ঢুকলো ঘরে,
আনন্দে মন চমকে নড়ে
চোখ ভিজে যায়, নয়রে কথা, থাম,
হাওয়ায় ভেসে হেসে হেসে
আসছে উড়ে,
যাচ্ছে উড়ে সুদূর দেশে,
আজান, আজান, আজান!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন