বাংলার আকাশে নক্ষত্র পতন, প্রয়াত হলেন বিশ্ববিখ্যাত ফুটবলার চুনী গোস্বামী
পিনাকী চৌধুরী # ভারতীয় ফুটবলের এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি হল ৩০ এপ্রিল ২০২০ তে। হ্যাঁ, চুনী গোস্বামী প্রয়াত হলেন! বার্ধক্য জনিত কারণে প্রায় বছর খানেক ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি চুনী গোস্বামী বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। অতীতের একসময় মাঠে ময়দানে ঝড় তুলতেন যিনি, তাঁর আসল নাম কিন্তু সুবিমল গোস্বামী! যদিও পরবর্তীসময়ে তিনি চুনী গোস্বামী নামেই বিখ্যাত হয়েছিলেন। বাস্তবে একসময় ভারতীয় ফুটবলকে একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই প্রবাদপ্রতিম ফুটবলার!
অধিনায়ক হিসেবে ১৯৬২ সালে জাকার্তায় এশিয়ান গেমসের সোনা জয় তাঁর সৌজন্যেই সম্ভব হয়েছিল। ফাইনালে ভারত ২-১ গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে। শুধু কি তাই ? ১৯৫৪ থেকে ১৯৬৮ পর্যন্ত একটানা মোহনবাগানের স্ট্রাইকার হিসেবে তিনি যথেষ্ট কৃতিত্ব অর্জন করেন। অতীতের একসময় চুনী গোস্বামীকে আনন্দবাজার পত্রিকায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচ রিভিউ লিখতে দেখছিলাম! অত্যন্ত মৃদুভাষী এই চুনী গোস্বামীর সেই ম্যাচ রিভিউ পড়তে পরের দিন তামাম বাংলা অধীর আগ্রহে অপেক্ষা করতো! অত্যন্ত তীক্ষ্ণ ও ধারালো সেই বিশ্লেষণ পড়ে যারপরনাই আনন্দিত হতাম আমিও! ক্রিকেট জগতেও ছিল তাঁর অনায়াস বিচরণ! তিনি রণজি ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছিলেন!
১৯৬৩ সালে চুনী গোস্বামী অর্জুন পুরস্কার লাভ করেন। ১৯৮৩ সালে তাঁর মুকুটে যুক্ত হয় আরও একটি পালক , হ্যাঁ, তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। সময় থেকে থাকেননি ! তারপর বয়ে গেছে অনেকটা সময়! ২০০৫ সালে চুনী গোস্বামীকে মোহনবাগান রত্ন প্রদান করা হয়! ইদানিং তাঁর শরীর ভালো যাচ্ছিল না! আজ বিকেলে একটি বেসরকারি হাসপাতালে ৮২ বছর বয়সে চুনী গোস্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন! স্বভাবতই ভারতীয় ফুটবলে তথা বাংলার ফুটবল মহলে আজ শোকের ছায়া !

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন