![]() |
| স্মৃতির আকাশে : পুষ্পজিৎ পতি |
কুয়াশা মাখা প্রভাত আজিকে,
তোমার চিঠি খোঁজে.
হারিয়ে যাওয়া দিন আবার,
সাজবে নতুন সাজে.
মনে পড়ে সেই প্রথম আলোয়,
তোমার লাজুক চাওয়া.
কাশবনে ওই নদীর পাড়ে,
নিরুদ্দেশে হারিয়ে যাওয়া.
তারপর সেই ধানের খেতে,
হাতে-হাত ধরে হাঁটা.
নির্জন কোনে জড়িয়ে ধরে,
ঠোঁটের তৃষ্ণা মেটা?
স্বপ্ন আঁকা বুকের পাঁজরে,
কাঁপন ধরে আজও.
এখনও সেই টোল-পড়া মুখ,
আগের মতোই সাজো?
পলাশ ফুল খোঁপায় বেঁধে,
লাজুক লাজুক হাসি.
কানের কাছে মুখটি এনে,
বলতে 'তোমায় ভালোবাসি'.
শালের বনে সাপটা শাড়ি,
কোমরে জড়িয়ে কষে.
হরিণীর মতো চপল বেগে,
ছুটতে পাহাড় ঘেঁষে.
মুক্তা ঝরা হাসির ফোয়ারা,
মিশে যেত ঝর্ণা-সুরে.
স্বপ্ন মাখা আবেগ হারাতো,
শিউলি ঝরা ভোরে.
স্মৃতির কুটিরে আজও বিরাজ,
আমার বুকের মাঝে.
বিরহ মন অশ্রু ঝরায়,
সকাল দুপুর সাঁঝে.

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন