![]() |
| বুকে হাত দিয়ে : কিশলয় গুপ্ত |
বীর্য পতনের মতো ক্রমশ ঝরে যাচ্ছি আমরা
তারপর গোটা বিছানা জোড়া অন্ধকার ক্লান্তি
উড়ন্ত হাওয়ায় পুড়ে যেতে পারে ফর্সা চামড়া
আগে সাবধান করলে গরীবের কথা মানতিস?
জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, থালায় হচ্ছে ভাত ছাই
বুকে হাত দিয়ে কেবলই পিতৃপরিচয় হাতড়াই।
চোখে তো এমনিতেই জল কী আর করবে কাঁন্দা
প্রেম ঠুকি বুকে- অসুখে ভাঁপা খাই রাঙা আলু
চুনাও নেহি বাবুয়া,ইয়ে হ্যায় ফাঁসী কা ফান্দা
ভাগ্য খুঁজতে হাজির আছে গোবেচারা করতালু
জীবনের সাথে শমনের কী চূড়ান্ত আশনাই
বুকে হাত দিয়ে দেখি- ও হরি সেখানে শ্বাস নাই
মুর্দা ঘর বেঁচে থাকে অতি ভালোবাসা নিয়ে বুকে
বাইরে খোলাপথ ভাবে হাঁটা চলা পা- সব জিন্দা
ক'জন বয়ে চলে দায়,ছায়া পড়ে আসে প্রিয় অসুখে
নজরে নজর কাটে,দুধ ফেটে ছানা হয় শরমিন্দা
জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কয়লার গনগনে আঁচ
বুকে হাত দিয়ে দেখি আয়না কোথায়,সব ভাঙ্গা কাঁচ

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন