![]() |
| কোথায় পালাব : সিদ্ধার্থ সিংহ |
কোথায় পালাব!
এ এক অদ্ভুত দেশ
এখানে কেউ কোনও আগাছা পরিষ্কার করে না
কেউ কুয়ো থেকে জল তোলে না
কেউ রুটি বেলে না
সবাই শুধু দোল খেলে।
এ ওর গায়ে এই রং মাখিয়ে দেয়
তো, সে তার গায়ে ওই রং মাখিয়ে দেয়।
এই রং দেখেই বাচ্চাকে স্কুলে ভর্তি নেয় নামি-দামি স্কুল
কোনও মেয়ের দু'চোখ ভরা স্বপ্ন
আলকাতরা দিয়ে কেউ ধেবড়ে দিলেও
এই রং দেখেই তাকে আড়াল করা হয়...
এই রং দেখেই কিশোরীরা ইশারা করে রাজপুত্রদের
আবার এই রং দেখেই কাউকে কাউকে ক্রুসে ঝোলানো হয়
শরীর থেকে খুলে নেওয়া হয় জামাকাপড়...
কোথায় পালাব!
এ এক ভারী অদ্ভুত দেশ।
যে বুড়ি ছুঁয়েছে সবার আগে
শুধু রঙে রঙে মিলছে না দেখে
তাকে ভিকটিস্ট্যান্ডে ওঠার আগেই আটকে দেওয়া হয়
যার কোনও মাথাই় নেই
শুধু রং দেখেই তার পায়ে বেঁধে দেওয়া হয় রত্নখচিত মুকুট।
এখানে সারাক্ষণ শুধু রং ওড়ে
কে কত বেশি লোককে তাদের রঙে রাঙিয়ে দিতে পারে
এই নিয়ে গোপনে চলে শলা-পরামর্শ
কেউ ওই রং মাখতে না-চাইলে তাকে ঠেলে, ধাক্কা মেরে মেরে
পাঠিয়ে দেওয়া হয় মাঠের বাইরে
কোথায় পালাব!
শুধু এখানে নয়, শহরে, শহরতলিতে
গ্রামেগঞ্জে, অলিতে-গলিতে, এমনকী তস্য গলিতও
এখন শুধু রং উড়ছে, রং।
এই রঙের ভয়ঙ্কর তাণ্ডব থেকে কোথায় পালাব বলো,
কোথায় পালাব!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন