![]() |
| সুবীর সরকার |
চলে আসুন নিত্য দা, তিস্তা ব্রিজে দাঁড়িয়ে
আবার চাঁদ দেখবো আমরা
আপনি শোনাবেন কাশি সিংয়ের শিকারের
গল্প
রাজার হাতি সেই দেবীকারানীর কথা
দেখুন আপনাকে বাড়ি পৌঁছে দেবে বলে দাঁড়িয়ে
আছে দেবেনের রিকশা।
আপনি শুধু সুরমা নদীর গাঙচিল দেখতে
চেয়েছিলেন
রংপুর শহরের রাস্তায় একটু হাঁটবার ইচ্ছে ছিল
আপনার
আপনার দিকে তাকিয়ে আছে মানসাই-এর
তরমুজ
দেখুন,আপনাকে লোকসংগীত শোনাতে আসছে
আব্দুল জব্বার
আমার ও আপনার শুন্য গ্লাসে হুইস্কি ঢেলে
দিচ্ছে লালু আর বিষাদু
কবিতা তো অজগর সাপ
কবিতা তো অশ্বক্ষুরাকৃতি হ্রদ
কবিতা তো মনখারাপের খামার
আমি দানাফসলের দেশে ঢুকিয়ে দেব সাদা
রঙের প্রসূতিসদন
আবার আমাদের দেখা হবে নিত্য দা
আবার আমরা চারমিনার খাবো নিত্য দা
আপনার গেয়ে ওঠা গানের কলির পাশে দেখি
সন্তোষ সিংহের
'ও সুটুঙ্গার কাঠের পুল'
আমাদের অভিমানগুলি পড়ে থাকে একা
একাই
দহ ও দাহের এক জীবন কাটিয়ে গেলেন
রেখে গেলেন ভদ্রঘাট,নীলফামারী ও সুটুঙ্গার
হাঁস

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন