![]() |
| কুন্তল মণ্ডল |
সাইকেলে ঝাঁকাভর্তি মাছ নিয়ে,শহরের এ গলি ও গলি-ফেরি করে যে লোকটা;
পিছনে তার ধূর্ত বেড়াল ; নাছোড়, আত্মপ্রশ্রয়ী।
সাবধানী বিক্রেতাও,তীক্ষদৃষ্টিতে তার শাসনের বেড়াজাল।
এসব ছিন্ন করে,আপাতত ছন্দে ফেরা অসম্ভব জেনেও,
করুণানির্ভর বেড়ালটির চোখেমুখে ফুটে ওঠে দিদৃক্ষা।
কখন তার দিকে বিরক্তি সত্ত্বেও,ছুটে আসবে-
বাতিল নাড়িভুঁড়ি,তেলকাঁটা ইত্যাদি...
কোনোদিন জোটে,কোনোদিন জোটেও না।
তবু নিত্য অভ্যাসের এই চোরপুলিশের খেলায়,
সবকিছুকে ছাপিয়েও ;
মহার্ঘ ওই আঁশুটে গন্ধটুকু
মাছুরে আর বেড়ালটিকে
সহমর্মিতায় বেঁধে ফেলেছে যেন।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন