![]() |
| ঈশ্বরের মুখ : বর্ণালী সেন ভট্টাচার্য |
বহুদিন ঈশ্বরের মুখ দেখিনি আমি
শুনিনি দেবতার বাণী।
অলকানন্দার জলে দেখিনি মুখের ছায়া
অবগাহনে বিরত থেকেছি।
সিঁড়ি ভেঙে উঠিনি স্বর্গদ্বারে
চয়ন করিনি পারিজাত, বহুদিন-----।
সময় অসহনীয়, বেদরদী খুব!
পাখিরা যে ডেকেছিল কতকাল আগে-----!
চারিদিকে মাংস পোড়া গন্ধে ভরে হাওয়া।
গাছে গাছে শকুনেরা ডাকে
ধর্ষিতা রমণীর মত বনে বনে ফুল ঝরে যায়
ফুল মরে যায়।
কবিতা আসে না আর।
চিত্রগুপ্ত খাতা খুলে শবের হিসেব রাখে!
মরমী ঈশ্বরের মুখ
বহুকাল অন্ধকারে ঢাকা পড়ে আছে!!!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন