![]() |
| পড়া চায় : শিবরাম ভূঞ্যা |
মা বলে, “বই পড়ো”, বাবা বলে, “পড়া চাই”।
তুমি বল, রোজ রোজ এত বই পড়া যায়?
মোটা বই, ছোটো বই, কত বই পড়ি যে,
কিছুতেই ঢোকেনা পড়া ছোটো এই মগজে।
কালো কালো অক্ষরে কি যে লেখা থাকে ছাই,
পড়তেই যাবো যেই পাখি হয়ে উড়ে যায়।
আমিও তার পিছু স্বপনের ডানা মেলে,
উড়ে যায় বহুদূর বইখানা হেথা ফেলে।
মেঘ আসে, চাঁদ আসে, আর আসে যত তারা,
এক সাথে কত খেলি, তাদের তো নেই পড়া।
ঘুমিয়েছি রাত্তিরে, ভোর না হতে হতে,
বাবা ডাকে, “উঠে পড়, শুরু কর পড়তে”।
রাত জেগে আমি ভাবি, কি উপায় করা যায়,
শরবত করে যদি বইটাকে গুলে খাই।
কিংবা ঘুমায় যদি বইটাতে মাথা রেখে,
তাতে কি হবেনা পড়া সারারাত থেকে থেকে।
পড়ার যে কি জ্বালা বড়োরা তা বোঝেনা,
ছোটোদের-ই পড়া চায়, বড়োরা তো পড়ে না।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন