![]() |
| গোলাপ প্রেম : বিমান পাত্র |
বিশ্বের ভাণ্ডারী আজ চাহিতেছে ঋণ
ভিক্ষুক মিটাবে সাধ এমনই দুর্দিন।
সে নিজেই ঋণী তার প্রেম কামনার
সেই আজ শিখাইবে প্রেম অভিসার
তার প্রেম গোলাপেই, হোক সে সুন্দর
উগ্রতার গন্ধ তার বিষাক্ত অন্তর।
গোলাপের এমন শক্তি এত তার টান
হারাবে কোকিল কুহু হারাইবে বাঁশরীর গান
বসন্তে কোকিল ডেকে প্রেম বার্তা দেবে
অকাল বসন্তে বুঝি গোলাপ সাধিবে।
আজ তবে কোন মোহে বরিবে উহারে?
আপনার এত প্রেম এত ভারে ভারে।
পাশ্চাত্যের মোহে হয় প্রেম অর্থহীন
তাই এত ব্যভিচার ঘটে দিন দিন
নহিলে এ প্রেম আজো রাজার বাছারে
পারে নাই রোধিবারে শত চেষ্টা করে
কাঁঙ্গালে দিয়েছে সঁপি প্রেম আপনার
বৈভব হারায়ে প্রেম জিতে বার বার।
ঐ যে বিশাল সৌধ প্রেমের উপর
কত প্রেম বিলায়েছে যুগ যুগান্তর
কেহ কী ফিরেছে কভু শূন্য হিয়া নিয়া
অন্তর ভরেছে তার পলকে চাহিয়া।
আজো বহে যমুনায় প্রেমময় ধারা
কদম্বের তলে আজো প্রেম আত্মহারা।
যে বাঁশি শুনিতে আসে ষোড়শ যোগীনী
সেই দেশে জন্মে তুমি প্রেম কাঁঙালিনী।
সরল অন্তর যার এত প্রেমে ভরা
সে কী আজ মিথ্যা প্রেমে নিজে দেবে ধরা।
প্রেম বল, মায়া বল, বল উপাসনা
ত্রিভুবন মুক্তকণ্ঠে করিত বন্দনা।
এই ত্যাগ এই সত্য এ মহত্ত্ব এদেশের সংস্কৃতি,
অনুসরণ করেছিল পৃথিবীর জাতি।
আজ হায় কোন দুঃখে এত বিড়ম্বনা
বিশ্বের ভাণ্ডারী কেন করিতেছে দেনা?

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন