সদুপদেশ : মৃদুল শ্রীমানী

সদুপদেশ : মৃদুল শ্রীমানী
সদুপদেশ : মৃদুল শ্রীমানী

গলিতে নতুন ভাড়াটিয়া হয়ে এসেছেন প্রতিবেশীটি। হ্যাঁ, আমার পাশের বাড়িতেই। নজর করেছেন আমাকে। লক্ষ্য করেছেন সময় পেলেই বসে আছি বই নিয়ে পড়ার টেবিলে। ধরে নিলেন আমি বুঝি পড়াশুনা বিষয়ে অনেক জানি। চলন্ত বাসে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে অভিযোগের সুরে জানতে চাইলেন, "আমার ছেলেটা কিছুতেই পড়ায় মন বসায় না, কি করি বলুন তো?"

গম্ভীরভাবে বললাম, "সকালবেলা উঠবেন।"

ভদ্রলোক আগ্রহের সঙ্গে জানতে চাইলেন, "হ্যাঁ উঠব। কিন্তু তারপর?"

"তারপর পড়তে বসে যাবেন।"

"ছেলেকে কিছু বলব না?"

"না। একমাস কিছুই বলবেন না।"

"আর সন্ধ্যায়?"

"সন্ধ্যায় কাজ থেকে ফিরে আবার পড়তে বসবেন।"

"আমি?"

"আজ্ঞে হ্যাঁ। আপনি।"

"ছেলেকে কিছু বলব না?"

"না। ওকে কিছু বলার দরকার নেই। "

"কিন্তু এভাবে কতদিন?"

"প্রথমে তো একমাস করুন।"

"তারপর?"

"দেখবেন, আপনার দেখাদেখি ছেলেও বই নিয়ে নাড়া ঘাঁটা করছে।"

"যদি না করে?"

"তাহলে আপনি আরো একমাস চুপচাপ পড়াশুনা করবেন।"

"তাতেও যদি না হয়?"

"আবার একমাস টানবেন।"

"তাতেও না হলে?"

"ততদিনে আপনার পড়তে বসা অভ্যেস হয়ে যাবে। ছেলের পিছনে খ্যাচ খ্যাচ করার বদভ্যাস ঘুচে যাবে।"

লোকটি তেতো মুখে আমার কাছ থেকে সরে গেলেন। আমি কোনোমতে হাসি চেপে দাঁড়িয়ে রইলাম।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.