![]() |
| সহজ পাঠ : তুষার দাস |
পাল তোলা নৌকোটা চলছে
গেরুয়া বা মরচে রঙ নয় কিন্তু ,
শুকিয়ে ফিকে হয়ে যাওয়া রক্ত রঙা পাল
ঘোলা জলের ওপরে একটা বেশ গা ছমছম শিরশিরানি
শীতের দুপুরে অলস মাঠ ঘাট
টমেটো ক্ষেতে ঘুনসি পরা উলঙ্গ শিশু
গাঢ় নীলচে আকাশে বজ্রখণ্ড মেঘ
ভ্যানগাড়ি, লাল ফিতের বিনুনি করা মেয়ে
কখনও কোনোদিন লাশও বয়ে নিয়ে যায় শহুরে মর্গে ,
নদীপাড়ে ইট ভাটা
উবু হয়ে বিড়ি টানে
চণ্ডী মণ্ডপে বানের জলের প্রামান্য
পচা ধানের গর্ভনাশ
চিতার পোড়া কাঠ ভাসে --
বুড়ো অশ্বত্থ গাছটা ঝিমোয় শ্মশানের এককোনে
শুকিয়ে ফিকে হয়ে যাওয়া রক্তরঙা পাল তুলে
গ্রাম লুট করে
শহরের দিকে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন